ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে আহতদের মধ্যে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীনদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সেখানে আহত সবার সঙ্গে দেখা না করায় হাসপাতালেই তার বিরুদ্ধে বিক্ষোভ করেন অনেকে। রাজধানীর শেরে-বাংলা নগরে পঙ্গু হাসপাতালে বুধবার এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের তোপের মুখে একপর্যায়ে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তিনি।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তারা এক ঘণ্টারও বেশি সময় নিয়ে চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতাল থেকে বের হওয়ার প্রস্তুতি নেন। কিন্তু তিনতলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।এরপর হাসপাতাল থেকে বেরিয়ে এলে সাংবাদিকরা উপদেষ্টাকে কিছু বলার জন্য অনুরোধ করেন। এ সময় আশপাশের লোকজনকে স্বাভাবিকভাবেই সরতে বলা হয়। তবে কেউ একজন হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল। এতেই শুরু হয় হট্টগোল।


একপর্যায়ে বিক্ষুব্ধরা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। তাদের মধ্যে কেউ একজন গাড়ির সামনে বসে পড়েন। আরেকজন গাড়ির ছাদে উঠে যান।


এমন অবস্থায় স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার অন্য একটি গাড়িতে হাসপাতাল চত্বর ত্যাগ করেন। বিক্ষোভকারীরা এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্য একটি গাড়ি ও প্রটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেন। পরে তারা সড়কে নেমে আসেন। এতে যানজট দেখা দেয়।


এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগও তোলেন অনেকে।

ads
ads
ads

Our Facebook Page

↑